আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা উসকানি দেব কেন? আমাদের উস্কানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটাকে চালাতে চাই। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাব না। কিন্তু আমাদের সমাবেশে হামলা করলে আমরাও বসে থাকব না। পাল্টা হামলা করবে।
সেতুমন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা বিএনপির সমাবেশে হমলা করিনি, করবও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না।