মিনহাজ মির্জা, গোয়াইনঘাট থেকেঃ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারত সীমান্তঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমির নাম সিলেটের গোয়াইনঘাট। উপজেলার চারপাশ জুড়েই রয়েছে প্রকৃতির অকৃপণ রূপ-লাবণ্য। পর্যটন কেন্দ্রের পাশাপাশি রয়েছে এখানে খনিজ সম্পদ পাথরের বিশাল ভান্ডার। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই এলাকা থেকে উপজেলা সদরের সাথে যাতায়াত ব্যবস্থা অনেকটাই দূরত্ব।
ভারতের ডাউকি থেকে নেমে আসা পিয়ান নদী যেন খানিকটা বিচ্ছিন্ন করে রেখেছিলো জাফলং তথা গোয়াইনঘাটবাসীকে। স্বাধীনতার সংগ্রামের পর থেকেই জাফলং ও গোয়াইনঘাটবাসীর নদী পারাপার নিয়ে ছিল চরম ভোগান্তি। উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থায় নদীপথ পাড়ি দিতে হত প্রায় ২৫ মিনিট অপেক্ষার পর। বর্তমানে প্রশাসনিক দায়-দায়িত্ব পালন করতে হলে গোয়াইনঘাট উপজেলা সদর থেকে সারীঘাট, জৈন্তাপুর হয়ে জাফলং পৌছাতে পাড়ি দিতে হয় ৫০ কিলোমিটারের অধিক পথ। এতে যেমন সময়ের অপচয় হয়। তেমনি জ্বালানী খরচও বেশি হয়ে থাকে।
অবশেষে স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের প্রচেষ্টায় ও প্রধান মন্ত্রীর উদ্যোগে পিয়াইন নদীর উপরে বাস্তবায়ন হচ্ছে বহুল প্রত্যাশিত গোয়াইনঘাটবাসীর স্বপ্নের সেতু। জনগুরুত্বপূর্ণ সেতুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণাধীন সেতুটির কাজ ইতিমধ্যে ৯২ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেতুটির কাজ সস্পন্ন হলে উপজেলা সদর’র সাথে জাফলংয়ে দূরত্ব কমে আসবে প্রায় ৪০ কিলোমিটার।
জানা যায়, প্রায় ৩২ কোটি টাকা ব্যায়ে তিনশ’৬০ মিটার দৈর্ঘ্য ও দশমিক ১০ মিটার প্রস্থের সেতুটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্টান এমএনও (জেভি)। পি,সি গার্ডার প্রকল্পের এ সেতুটিতে অর্থায়ন করছে এলজিডি। ২০১৩ সালের নভেম্বর মাসের ১৭ তারিখে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে সেতুটির কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। সেতুটি বাস্তবায়ন হওয়ায় উৎসব আমেজ লক্ষ্য করা গেছে গোয়াইনঘাটবাসীর জনমনে। শুধু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বহুল প্রত্যাশিত এ স্বপ্নের সেতুটি। পুরো কাজ সম্পন্ন হলে গোয়াইনঘাটবাসীর যোগাযোগ ব্যবস্থা হবে সহজতর। খুলবে সম্ভাবনার দোয়ার। কমবে জন সাধারণগণের ভোগান্তি। যাতায়াত ব্যাবস্থায় সিলেট শহর থেকে দূরত্ব কমে আসবে প্রায় ১৮ কি.মি। এতে করে এলাকার শিল্প বাণিজ্যের বিকাশ ঘটবে এমনটাই ধারণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী ফখরুল ইসলাম জানান, গোয়াইনঘাট রাধানগর বাজার সিজি পিয়াইন নদীর উপর নির্মিত সেতুটি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। বর্তমানে সেতুটির কাজ প্রায় ৯২ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুটির নির্মাণ কাজ যথাযতভাবে সম্পাদানে নিয়মিত তদারকি করছি।
ইউএনও গোয়াইনঘাট মো. সালাহ উদ্দিন জানান, স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের প্রচেষ্টায় ও প্রধান মন্ত্রীর উদ্যোগে পিয়াইন নদীর উপরে বাস্তবায়ন হচ্ছে এ সেতটিু। সেতুটি গোয়াইনঘাট বাসীর জন্য অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। কাজ সস্পন্ন হলেই উপজেলা সদর’র সাথে জাফলংয়ে দূরত্ব কমে আসবে। এবং সেই সাথে প্রশাসনিক দায়-দায়িত্ব পালন করতেও সহজতর হবে বলে তিনি জানান।




