দি নিউজ ডেস্কঃ রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আমরা উঠে দাঁড়াতে চাই। আমরা উঠে দাঁড়িয়েছি অতীতে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ সম্পূর্ণরূপে একটা নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছে। মিয়ানমারে সঙ্গে সমস্যার সমাধান করতে পারেনি। পানি সমস্যার সমাধান হয় না, সীমান্তে হত্যা হয় তার কোনো বিচার হয় না। আমরা উঠে দাঁড়াতে চাই। আমরা উঠে দাঁড়িয়েছি অতীতে। আমি কখনও বিশ্বাস করি না, এই সমস্যা শুধু বিএনপির সমস্যা-এটা নয়। এটা গোটা জাতির সমস্যা।
সমগ্র জাতি আজকে পরাধীন হয়ে যাচ্ছে। সমগ্র জাতি আজকে তাদের অর্জনগুলোকে হারাচ্ছে। তাই আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে। আমাদের সমস্ত অর্জনগুলোকে ফিরিয়ে আনতে হবে।
বর্তমান সরকারকে অমানবিক সরকার হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তার (খালেদা জিয়া) স্বাস্থ্যগত অবস্থা এমন অবনতি ঘটেছে। এটা একটি অমানবিক সরকার। অনেক ফ্যাসিস্ট সরকার আছেন, অনেক কর্তৃত্ববাদ সরকার আছে যারা এতটা অমানবিক না। অন্ততঃ মানবতাবোধ অনেক সরকার দেখিয়েছে অতীতে আমরা দেখেছি। কিন্তু এই সরকার একেবারে মানবতাবিহীন একটি সরকার। গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা কোন কিছুতে তারা বিশ্বাস করে না। প্রত্যেকটা জিনিস তারা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন।




