ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এখন নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক শামীম আহসান ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।
শামী আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি মানবিক বিভাগে যশোর বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক (এইচএসসি) মেধার জন্য প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান পেয়েছেন।এছাড়াও একাডেমিক কৃতিত্বের জন্য তাঁর ছাত্রজীবন জুড়ে অসংখ্য পুরষ্কার পেয়েছিলেন।
তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন। ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষাবিষয়ক কোর্সও সম্পন্ন করেন এ কূটনীতিক।





