আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের শাহিন মোল্লার স্ত্রী তানিয়া আক্তার (২৩) শুক্রবার সন্ধ্যায় মামার বাড়ি একই উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে বসে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে।
তানিয়ার পিতার অভিযোগ, এক বছর পূর্বে বিয়ের সময় ৮০হাজার টাকা যৌতুক দেয়া হয় শাহিনের পরিবারকে। পরে আরোও ২০হাজার টাকা যৌতুকের জন্য তানিয়াকে শারিরীক নির্যাতন করত স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন। শারিরীক নির্যাতন সইতে না পেরে তানিয়া বৃহস্পতিবার শ্বশুর বাড়ি থেকে মামা বাড়ি মোহনকাঠী গ্রামে চলে আসে। এই কারনেই তানিয়া স্বামী ও শ্বশুর পরিবারের উপর অভিমান করে শুক্রবার সন্ধ্যায় মামা বাড়িতে বসে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শনিবার সকালে লাশ বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
