প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। তাই আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। আওয়ামী লীগকে শক্তিশালী করে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।
আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, বিএনপির জন্মই হয়েছে হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর ক্ষমতায় যেতে না পেরে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
এনামুল হক শামীম বলেন, বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা সফল হবে না। কারণ, আওয়ামী লীগ শুধু বাংলাদেশই নয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দল।
চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল মুন্সী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম।




