(আইএস) ইসলামিক স্টেটের সমাপ্তি ঘটল ইরাকে

নিউজ ডেস্কঃ  ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই সমাপ্তির ঘোষণা দিয়েছে ইরাক। শনিবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বাগদাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর বিবিসির।

ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ইরাকি বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে।

প্রধানমন্ত্রী আল আবাদি বলেন, আমাদের বাহিনী ইরাক-সিরিয়া সীমান্তের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে। তাই আমি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই সমাপ্তি ঘোষণা করছি।

তিনি আরো বলেন, আমাদের শত্রুরা আমাদের সভ্যতাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আমরা আমাদের একতা ও দৃঢ়তার কারণে জয়ী হয়েছি। অল্প সময়ের মধ্যেই আমরা জয় পেয়েছি।

ইরাকি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক এখন ইসলামিক স্টেটের দখল থেকে ‘পুরোপুরি মুক্ত’।

এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ‘ভয়াবহ দখলদার’ ইসলামিক স্টেটের বিরুদ্ধে ইরাকি বাহিনীর এ জয়কে স্বাগত জানিয়েছে।

গেলো মাসে দেশটির রাওয়া শহর পতনের পর সীমান্তবর্তী কয়েকটি এলাকা ইসলামিক স্টেটের দখলে ছিল।

দুই দিন আগে রাশিয়ার সেনাবাহিনী ঘোষণা দেয় যে তারা ইরাকের প্রতিবেশী দেশ সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটকে পরাজিত করেছে। এর পরই ইরাকের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

জঙ্গি এই গোষ্ঠী ২০১৪ সালে সিরিয়া ও ইরাকে একটা বড় অংশ দখল করে নিয়ে ‘খিলাফত’ ঘোষণা করে। তারা এসময় এক কোটি লোকের ওপর তাদের শাসন কায়েম করে।

কিন্তু গেলো দুই বছর ধরে সিরিয়া ও ইরাকে পরাজয়ের মুখে পড়ে ইসলামিক স্টেট। চলতি বছরের জুলাইয়ে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ইসলামিক স্টেটের হাতছাড়া হয়। আর গেলো মাসে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় জঙ্গি সংগঠনটির ডি ফ্যাক্টো রাজধানী রাক্কা দখল করে নেয় সিরিয়ান বাহিনী।

কিছু ইসলামিক স্টেট যোদ্ধা সিরিয়ার বিভিন্ন উপশহরে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। আর বাকিরা তুরস্কের সীমান্ত পাড়ি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।