অতীতের সব গ্লানি মুছে ফেলে অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রত্যয়ে। নতুন বছরে বাংলাদেশকে ব½বন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করার প্রত্যয় গ্রহণের আহ্বান জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৩ এপ্রিল রাতে বঙ্গাব্দ ১৪২৬কে স্বাগত জানাতে ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় স্পিকার দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
স্পিকার বলেন, ‘আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আলপনার মাধ্যমে প্রাণের রং আঁকা হয় । এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সকলের প্রতি সহযোগিতারও আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি এবং বার্জার পেইন্টস এর ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী উৎসব অনুষ্ঠানে বক্তৃতা করেন।
আয়োজনের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় চারশ’ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন।

