অর্থমন্ত্রী দায়িত্বে থেকে আর দুটি বাজেট দেবেন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে আরও দুটি বাজেট উপস্থাপন করবেন তিনি। সে দুটি হচ্ছে আগামী ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আয়োজিত ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বুধবার পুস্তিকাটির প্রকাশনা অনুষ্ঠান হয়।

অর্থমন্ত্রী বলেন, বইটি অনেক সহজ করে লেখা হয়েছে এবং অনেক শিশুই বুঝতে পারবে। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে অনেক মজা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বইটি পড়ে তোমরা অনেকেই বাজেট বিশেষজ্ঞ হয়ে উঠবে। এতে আমার প্রতিদ্বন্দ্বী বাড়বে। তবে আমি সে সুযোগ বেশি দিন দেব না। কারণ, আমি আরও দুটি বাজেট দিয়ে যাব।’

তাঁর প্রথম বাজেট ঘোষণা করার কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, তখন বাজেট ঘোষণা হতো ১৫ থেকে ১৬ পৃষ্ঠার। তারও আগে ছিল সর্বোচ্চ ১০ পৃষ্ঠার। সময়ের বিবর্তনে এখন ১০০ পৃষ্ঠার বাজেট বক্তব্য দিতে হয়।

চলতি অর্থবছরের বাজেটসহ মোট ১০টি বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়ে। এ ছাড়া ৩৪ বছর আগে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময় দুটি বাজেট (১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪) উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।