আগামীকাল ২৯ অক্টোবর ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রামে ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি যুব সমাবেশে অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চার দশকের বেশী সময় ধরে বিপন্ন মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সোসাইটির স্বেচ্ছাসেবীরা দুর্যোগকালীন সতর্কবার্তা প্রচার, আক্রান্ত মানুষের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ, সাময়িক আশ্রয়ের ব্যবস্থা ও জানমালের নিরাপত্তা বিধানে সরকারের সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এক্ষেত্রে দেশের যুব সম্প্রদায় প্রধান শক্তি হিসেবে কাজ করছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা করোনাকালীন স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, জনসমাগমস্থলে জীবাণুনাশক স্প্রে করা ও কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে সম্পৃক্ত থেকে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমি আশা করি ৬ষ্ঠ যুব সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের আদর্শ স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে। তরুণ ও যুবকদের পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ও নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তুলতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা রাখবে- এটাই সকলের প্রত্যাশা।
আমি ‘৬ষ্ঠ যুব সমাবেশ ২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”




