সাংবাদিকদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী

সাংবাদিকদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী

‘সরকারের পক্ষ থেকে কিভাবে সংবাদকর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা দেয়া যায় এবং আজকে যে ঝুঁকির মধ্যে তারা কাজ করছেন এটার ক্ষেত্রেও কী করা যায় সেগুলো নিয়েও আমরা কাজ করছি।’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠক শেষে  এ আহ্বান জানান তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

ইতোমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্য সুরক্ষা দেয়া যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।

এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একইসঙ্গে গুজবের বিরুদ্ধে মূলধারার মিডিয়াগুলো, টেলিভিশন ও পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্যও তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

‘অনেক টেলিভিশন থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে’ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাব, যাদের বেতন ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একইসঙ্গে বকেয়া পরিশোধ করে দেয়ার জন্য।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।