ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৩য় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কাজী কেরামত আলী বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, অসীম কুমার উকিল, সেলিনা ইসলাম এবং মাসুদা এম, রশীদ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বছরব্যাপী জন্মশতবার্ষিকী অনুষ্ঠান পালন সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক গৃহীত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সকল উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদেরকে কর্মসূচিতে সম্পৃক্তকরণের অগ্রগতি এবং মনিটরিং সম্পর্কে আলোচনা করা হয়। ‘মুজিব বর্ষ’ উদযাপনে করণীয় সম্পর্কে সকল জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশব্যাপী শিশু-কিশোর এবং স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ‘আমার প্রস্তাব আমার প্রত্যয়’ তথ্য ফরম প্রচারপূর্বক মতামত সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে বলে সভায় জানানো হয়। প্রতিদিন একটি করে শুভকাজের মাধ্যমে ‘মুজিব বর্ষ’ উদযাপনের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কাছে এ পর্যন্ত পূরণকৃত ২৫ হাজার ফরম পাওয়া গেছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
পরবর্তী বৈঠকে ৬৪ জেলায় শিল্পকলা একাডেমির কমিটি গঠনের প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে দেশব্যাপী উপজেলা পর্যায়ের শূন্য পদসমূহে কালচারাল অফিসার নিয়োগের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
লোক ও কারুশিল্পের বিকাশ, কারুপণ্য তৈরিতে পৃষ্ঠপোষকতা ও বিক্রয় কার্যক্রমে গৃহিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, শিল্পকলা একাডেমি, গ্রন্থাগার অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


