আমার উপর ছোঁড়া গ্রেনেডের দুটি অবিস্ফোরিত ছিলো। কর্মীরা মানবঢাল বানিয়ে আমাকে না বাঁচালে আমি বাঁচতাম না। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে গ্রেনেড হামলার ঘটনার ১৬তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হামলার পরপরই ওই জায়গা পানি দিয়ে ধুয়ে ফেলা হয় আলামত নষ্ট করতে। ২১ আগস্টের সঙ্গে যদি বিএনপি জড়িত নাই থাকবে তাহলে তারা হামলার আলামত কেন নষ্ট করলো। দুর্নীতির যে বিষবৃক্ষ বিএনপি রোপন করে গেছে তার ফল দেশ আজও ভোগ করছে।
প্রধানমন্ত্রী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার পর আমার বাঁচার কথা নয়। আমার ওপর ছোঁড়া গ্রেনেড দুটি অবিস্ফোরিত ছিলো। বাংলাদেশের মানুষের জন্য যেন কিছু করতে পারি, সেই সুযোগ দিতে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয়। সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ও র্যালি করতে যাই, সেই সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। এই হামলা চালিয়ে আমাকে হত্যা করাই ছিল তাদের প্রধান টার্গেট।
তিনি বলেন, করোনাভাইরাসে বহু নেতাকর্মী আমার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি তারাও অনেক দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এভাবে মানুষের পাশে দাঁড়ায়নি। এখনও আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্যবিধি মেনে চলতে। যারা সেবা দিচ্ছেন তারাও সচেতন থাকবেন।
তিনি বলেন, আমরা অনেক দূর এগিয়ে গেছিলাম আবার করোনার জন্য সব স্থবির হয়ে গেছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। সীমিত পরিস্থিতিতেও আমরা কাজ করে যাচ্ছি।



