বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোরবানির ঈদে ভারতীয় গরু আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগেও ঘোষণা দিয়ে ভারতীয় গরু আসা ঠেকাতে পারেনি সরকার। কিন্তু এবার আস্থা রাখতে পারছেন না দেশীয় খামারিরা। তাদের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ধারাবাহিকভাবে গরু রপ্তানি কমিয়েছে ভারত। পশু বিক্রি কমলে বাড়বে লোকসান।
বাজার বিশ্লেষকরা বলছেন, সংকটে অভ্যন্তরীণ বিনিয়োগ ঝুঁকিমুক্ত রাখার স্বার্থেই কঠোর নজরদারি দরকার সীমান্তে। যদি ভারত থেকে গরু না আসে তাহলে বড়সড় পরিবর্তন আসে দেশীয় খামার ব্যবস্থায়। ২০১৬ সালের পর থেকে এ খাতে বিনিয়োগ হয়েছে আগের বছরগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি।
২০১৯ সালে প্রথমবারের মতো কোরবানিতে ভারত থেকে গরু আসায় নিষেধাজ্ঞা দেয় সরকার। তারপরও ঠেকানো যায়নি চোরাকারবারি। খামারিদের লোকসান ঠেকাতে এবার তাই আরও কঠোর সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাহেদ আলী বলেন, দেশীয় পশুর ন্যায্য দাম নিশ্চিতে পার্শ্ববর্তী দেশ থেকে কোন কোন পশু বাংলাদেশে ঢোকার সুযোগ এ বছর থাকছে না।

