বিশেষ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তাঁর দলের নেতাকর্মীদের সাজা দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একা একা নির্বাচন করতে চায় সরকার। এজন্য দ্রুত বিচার আইনের আওতায় শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপির মহাসচিব আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে বর্তমান সরকার আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না।মির্জা ফখরুল বলেন, ‘দ্রুত বিচার আইনে (সাজা) তারা দুই থেকে পাঁচ (বছর) ছিল আগে, এখন সেটা দুই বছর বাড়িয়ে দুই থেকে সাত বছর করেছে। কেন করেছে? এখন এই নির্বাচন নির্বাচনের কথা উঠেছে, এই সময়যদি এই দ্রুত বিচার আইনে আমাদের বিরোধীদলের সব নেতাকর্মীকে অভিযুক্ত করে সাজা দিয়ে দেওয়া যায়, তাহলে তো ২০১৪-এর পাঁচের (৫ জানুয়ারি) মতো একা একা নির্বাচন করতে চায়। কিন্তু সেটা হবে না। এ দেশের মানুষ এবার আপনাদের ২০১৪-এর পাঁচের ইলেকশন করতে দেবে না। এ দেশের মানুষ এবার তাঁদের অধিকার আদায় করবে, ভোটের অধিকার আদায় করবে।’
আলোচনায় মহাসচিব অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্নীতি এখন চরম পর্যায়ে। ব্যাংক, স্টক মার্কেটসহ প্রতিটি ক্ষেত্র থেকে অর্থ-আত্মসাত করে সে অর্থআওয়ামী লীগের নেতারা বিদেশে পাচার করেছে।বর্তমান সরকারের অধীনে কারো জীবনই নিরাপদ নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ক্রসফায়ারের নামে যেভাবে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে তা যে নাটক, দেশবাসীর কাছে এখন তাপরিষ্কার।


