বিএনপিকে ছোট করতে রাজাকারের তালিকা প্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব

বিএনপিকে হেয় প্রতিপন্ন  করে রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে সরকার রাজাকারের তালিকা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেনবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার না করে এত দিন পর প্রকাশ করা হয়েছে, তা কতটুকু সঠিক হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। সুষ্ঠু তালিকা নির্ধারণ এবং প্রকাশ কেবল মুক্তিযোদ্ধারাই করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি সেটা করতে পারে।

গতকাল দুপুরে বিজয় দিবসে শেরে বাংলানগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব মন্তব্য করেন। এর আগে সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে ফিরে জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই সরকার তার নিজের রাজনৈতিক প্রয়োজনে হীন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন তালিকা তৈরি করেছে এবং বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সমস্ত তালিকা তারা প্রকাশ করেছে। এই এতদিন পরে, ৪৯ বছর পরে এই রাজাকারের তালিকা কতটুকু সঠিক হয়েছে, না হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয়।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ হয়েছিল। কিন্তু সেই চেতনা হরণ করে নেয়া হয়েছে, গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। মানুষের স্বপ্নগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করছে। ফখরুল বলেন আমরা এখানে শপথ নিয়েছি বেগম খালেদা জিয়াকে মুক্ত করার।

এবারের বিজয় দিবসের প্রাক্কালে রবিবার সরকার প্রথমবারের মতো রাজাকারদের তালিকা প্রকাশ করেছে। প্রথম ধাপে এই তালিকায় ১০ হাজার ৭৮৯ জনের নাম রয়েছে। এই তালিকায় এমন সব ব্যক্তিদের নাম রয়েছে যারা পরবর্তীতে বিএনপি সরকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের নাম রয়েছে।  এছাড়া জিয়াউর রহমানের সময়ে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।