পোশাক শিল্পের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ড আগামী তিন মাসের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণ করে সুপারিশ করবে। বেসরকারি সব খাতে শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যায্য মজুরিসহ শ্রম আইন শতভাগ বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই।’
আগামীকাল মহান মে দিবসের কর্মসূচি নিয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি পর্যায়ে দিবসটি পালিত হবে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল ও গার্মেন্টস খাতের কেন্দ্রীয় তহবিল থেকে ১০টি শ্রমিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ করবেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, লাভজনক প্রতিষ্ঠানগুলো যাতে তাদের মুনাফার পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেয় সেজন্য দুই সপ্তাহের মধ্যে চিঠি দেওয়া হবে। এটা শ্রম আইনেই রয়েছে। কিন্তু লাভজনক প্রতিষ্ঠানগুলো এ টাকা দেয় না। তিনি বলেন, সংবাদপত্রসহ যেসব গণমাধ্যম লাভজনক অবস্থায় আছে তাদের মুনাফার পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার বিধান রয়েছে।
মুজিবুল হক বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বর্তমানে ২৮৩ কোটি টাকা জমা আছে। এই তহবিল থেকে দুই হাজার ৬৫৪ জন শ্রমিককে ২২ কোটি টাকা দেওয়া হয়েছে। গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিলে জমা আছে ৪৪ কোটি ৬৩ লাখ টাকা। এ তহবিল থেকে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের দুই লাখ টাকা, দুরারোগ্য রোগের চিকিৎসায় সর্বোচ্চ এক লাখ টাকা এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় শিক্ষা সহায়তা প্রদান করছে। বজ্রাঘাতে মারা যাওয়া কৃষকরাও এই তহবিলের আওতায় আর্থিক সহায়তা পাবেন।
সরকার দেশের ৪৩টি সেক্টরের মধ্যে ৩৮টি সেক্টরে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিল্প অধ্যুষিত এলাকায় শ্রমিকদের শিশুদের জন্য চার হাজার ২৪৩টি কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। শ্রমিকের জন্য এখন পর্যন্ত যে কয়টি ভালো এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জে শ্রমিকের চিকিৎসার জন্য ৩০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ হাসপাতালে ১০০ শয্যা শ্রমিকদের জন্য সংরক্ষণ করা হবে। নামমাত্র মূল্যে বিশেষায়িত এই হাসপাতালে শ্রমিকরা চিকিৎসা সুবিধা পাবে।
প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৭টায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।




