২০২৬ ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে উঠেছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকের সঙ্গে একটি গোল করেন তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ে। যদিও বড় ব্যবধানে হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে।
যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি ছিল মূলত গ্রুপসেরা নির্ধারণের লড়াই। দুই দলই আগেই নকআউট নিশ্চিত করায় একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন দুই কোচ।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম আগের ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন করেন। অন্যদিকে নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন একসঙ্গে ১০টি পরিবর্তন এনে দলের দুই তারকা আর্লিং হলান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বিশ্রামে রাখেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে গোলের সূচনা করেন উসমান দেম্বেলে। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই ফরোয়ার্ড।
তবে দ্বিতীয় গোলের মাত্র ৮১ সেকেন্ড পর থেলোনিয়াস আসগার্ড গোল শোধ করে নরওয়েকে ম্যাচে ফেরার আশা দেখান। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৩২তম মিনিটে আবারও জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে এবং ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়ে আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে ফ্রান্স।
এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখে কিলিয়ান এমবাপ্পের দল। অন্যদিকে, ফ্রান্সের কাছে হারলেও তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় নরওয়ে।


