নদী-খাল দখলদারদের বিরুদ্ধে সোচ্চার থাকব -নৌপরিবহন প্রতিমন্ত্রী

নদী-খাল দখলদারদের বিরুদ্ধে সোচ্চার থাকব -নৌপরিবহন প্রতিমন্ত্রী

কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থে ঢাকাকে ভাগাড়ে পরিণত করেছে। নদীগুলোর প্রবাহ নিশ্চিত করতে এবং নদী-খাল দখলদারদের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেশ তথা ঢাকাবাসীর স্বার্থে ‘টাস্কফোর্স’কাজ করছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীর নাব্যতা রক্ষা ও নদীর গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী ও পরিবেশ রক্ষায় ১৯৯৯ সাল থেকে সরকার পরিবেশবিদদের সাথে নিয়ে কাজ করছে। নদী রক্ষায় যেসব সংগঠন কাজ করছে তাদেরকে এবং নদী রক্ষায় গণমাধ্যমের সহযোগিতার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারের মাধ্যমে বুড়িগঙ্গায় পানির প্রবাহ বৃদ্ধি করা হবে এবং জলাবদ্ধতা দূর করা হবে। মেয়র বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে কামরাঙ্গিচরকে একটি অন্যতম সুন্দর শহর হিসাবে গড়ে তোলা যাবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আগামী কিছুদিনের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জানানো হয়, সাভারের চামড়া শিল্প এলাকায় স্থাপিত কেন্দ্রীয় শোধনাগারটি ১০০ ভাগ কাজ করছে। সেখান থেকে ভালো পানি ডিসচার্জ হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে অনেক জেলায় নদী তীর ভেঙে যাচ্ছে। নদী তীর ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বৈঠকে গুরুত্ব দেয়া হয়।

বৈঠকে অনলাইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার ও তথ্য সচিব কামরুন নাহার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।