বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দগ্রামে ১১ এপ্রিল শনিবার রাত ১১ টার দিকে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির ১৬৮ বস্তা(ওএমএস)এর চাল উদ্ধার করেছে। এসময় চাল মজুত করার দায়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেন।
জানা যায়, র্যাব-১২ বগুড়ার একটি স্পেশাল টিম শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৮ বস্তা চাল উদ্ধার করে। এরপর শিমলা বাজারে আনিছুর রহমানের গোডাউনে রাখা আরও ১১০ বস্তাসহ মোট ১৬৮ বস্তা চাল উদ্ধার করে। পরে র্যাব সদস্যরা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, ওএমএস ডিলার মিলন সরদারের নামে বরাদ্দকৃত চাল কালোবাজারে বেশীদামে বিক্রি করার জন্য মজুত করেছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, আটকৃত দুইজনসহ ডিলার মিলনের নামে প্রচলিত আইনে মামলা করা হবে।




