গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের নামে রাষ্ট্রদ্রোহিতা মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে আলোচিত মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগে এমন অভিযোগ করা হয়।
শুক্রবার (০৭ জুলাই) বিকেলে শাহবাগ থানায় এ আবেদন জমা দেওয়া হয়। ওসি বলেন, আমাদের কাছে এমন একটি আবেদন দিয়ে গেছে। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবো।
মামলার আবেদনে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন উল্লেখ করেছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্যসচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মোসাদ এজেন্ট মেন্দি সাফদির সাথে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদিচক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছেন। ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িস-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছেন। সরকারের বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধামকি দিচ্ছেন। সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে ইসরায়েলের মোসাদের সঙ্গে নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে।
দেশের অভ্যন্তরে কুকি চীনসহ কতিপয় জঙ্গি গোষ্ঠীকে ব্যবহারের মাধ্যমে নুর রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন উল্লেখ করে এতে বলা হয়, চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে নুরের যোগাযোগ আছে। এটি দেশের প্রচলিত আইন হুমকি-ধামকি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ প্রমাণ করে নুর বিদেশি শক্তির নির্দেশে জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতির নামে প্রকৃতপক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করতে চান।
মামলার এ আবেদনে দণ্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করার কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ৮ জানুয়ারি ২০২৩ রোববার বিকেলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নোয়াখালী জেলা শাখা সভাপতি সাফায়েত হোসেন সুধারাম মডেল থানায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের অপচেষ্টায় লিপ্ত রাষ্ট্রদ্রোহেরআরেকটি মামলা দায়েরের করা হয়েছে।



