সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
দুপুর ১২টার পর আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের খবর আসে। জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট ও ডিইপিজেডের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ১২টা ১৯ মিনিটে এবং ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৯টি ইউনিট।
জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাংলানিউজকে জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটি সহ মোট ৯টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।




