বিশেষ প্রতিবেদক : কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর অঞ্চলের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ার কারণে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই বন্যায়গভীর উৎকণ্ঠা ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ রোববার রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘হাওর এলাকার জনগণ একটি মাত্র ফসলের ওপর নির্ভর করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকে। প্রকৃতির সঙ্গে লড়াই করেই তাদের বাঁচতে হয়। প্রায়ই তাদের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। কিন্তু এ বছরের আকস্মিক প্লাবনের ক্ষয়ক্ষতি নজিরবিহীন। ফসল কাটার আগ মুহূর্তে বাঁধ ভেঙে প্রতিদিনই হাওর এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকার জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি এরই মধ্যে হাওর এলাকার জনগণের দুর্দশাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেআলোচনা করেছেন। প্রধানমন্ত্রী হাওর এলাকার জনগণের দুর্দশা লাঘবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
রাষ্ট্রপতি অকাল বন্যার হাত থেকে হাওর এলাকার জনগণকে বাঁচাতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণেরজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। তিনি বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের হাওর এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।



