স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করেছে সরকার -শ্রম প্রতিমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করেছে সরকার -শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের যুগোপযোগী, ডিজিটাল এবং আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ প্রয়োজন। এজন্য সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন করেছে।

প্রতিমন্ত্রী আজ খুলনা মহানগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা অনুরাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানকে উন্নত বিশ্বের শিক্ষার স্তরে উন্নিত করার প্রতি জোর দিয়েছে। শেখ হাসিনার সরকারই প্রথম প্রতিবছর জানুয়ারির এক তারিখেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব করছে। গরীব শিক্ষার্থীরা যাতে সহজে লেখাপড়া করতে পারে এজন্য উপবৃত্তি দিয়ে যাচ্ছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল নাগরিকের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে সেবার মান উন্নত করেছে।  বিনামূল্যে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ গৃহ প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রতিমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে  সমাজের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৯৫ লাখ টাকা ব্যয়ে একতলা ভবনটি নির্মাণ করেছে। পর্যায়ক্রমে এই ভবনটি ছয়তলা পর্যন্ত বর্ধিত করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এসএম খসরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী গৌতম সরকার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ হাসিনা পারভীন বক্তৃতা করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী দৌলতপুর নতুন রাস্তার মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া মাহফিলে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।