স্ত্রীর নামে ইন্ডাস্ট্রি গড়ে তুললে স্বামীরা পাবেন বিশেষ সুবিধা -প্রধানমন্ত্রী

স্ত্রীর নামে ইন্ডাস্ট্রি গড়ে তুললে স্বামীরা পাবেন বিশেষ সুবিধা -প্রধানমন্ত্রী

‘আমাদের এসএমই খাতে উত্পাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য জড়িত। কাজেই এই এসএমই খাত উন্নয়নে আমাদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে।’  ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প খাতকে (এসএমই) এগিয়ে নিতে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২০ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সম্ভাবনাময়  ৫ দফা নির্দেশনা দিয়ে বলেন।

প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সরকার সারাদেশে একশ’ বিশেষ শিল্পাঞ্চল (এসইজেড) গড়ে তুলছে। এই বিশেষ শিল্পাঞ্চলে আমার নির্দেশ রয়েছে আমাদের নারী উদ্যোক্তারা যেন বিশেষ সুবিধা পান। আমি আশা করব আমাদের বোনেরা আরেকটু আগ্রহী হবেন।’ স্ত্রীর নামে ইন্ডাস্ট্রি গড়ে তুললে স্বামীরা বিশেষ সুবিধা পাবেন উল্লেখ করে সেই সুযোগ গ্রহণে ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ফসলি জমি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ সময় এসএমই ফাউন্ডেশনকে গবেষণায় গুরুত্ব দেওয়ারও নির্দেশ প্রদান করেন।
এসএমই পণ্যের প্রচার এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এক ছাদের নিচে নিয়ে আসার লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ বছর ৮ম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এসএমই খাতের উন্নয়নে করণীয় হিসেবে প্রধানমন্ত্রী তার ৫ দফা নির্দেশনার উল্লেখ করে বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি উন্নত বিশ্বে ভোক্তাদের চাহিদা-নির্ভর শতভাগ রপ্তানিমুখী পণ্য উত্পাদনে মনোনিবেশ করতে হবে।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। শিল্প সচিব মো.আব্দুল হালিম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো.শফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাঁচ জন শিল্প উদ্যোক্তার মাঝে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদান করেন। পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে এক লাখ টাকা পুরস্কারের অর্থের চেক, ট্রফি এবং সনদপত্র লাভ করেন। এবারের শিল্প মেলায় ১৯৫ নারীসহ মোট ২৯৬ জন এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করছেন। এরমধ্যে রয়েছে—পাটজাত পণ্য, কৃষি ও চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল সামগ্রী, হাল্কা প্রকৌশল শিল্প পণ্য, হস্ত ও কুটির শিল্প, প্লাষ্টিক এবং সিনথেটিকজাত পণ্য। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং কোনো প্রবেশ মূল্য লাগবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।