অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি কিছুদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।
তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (১৯ জুন) তাকে ওই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
রোববার (২১ জুন) দুপুরে সাহারা খাতুনের ভাগ্নে মজিবর রহমান এ কথা জানান।
তিনি বলেন, উনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখনো আইসিইউতেই আছেন। শুক্রবার যখন তাকে আইসিইউতে নেওয়া হয় তখনকার চেয়ে এখন তিনি ভালো আছেন। এখন তিনি কথা বলছেন। তার প্রেসার স্বাভাবিক আছে এবং ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে।
এর আগে গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। পরে তাকে বেডে দেওয়া হয়। ১৮ জুন (বৃহস্পতিবার) তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়। পরে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।




