বাংলাদেশ বিরোধী কিছু চক্র সোশ্যাল মিডিয়ায় দেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে চক্রান্ত করছে। ত্রিশ লাখ শহিদের রক্তে অর্জিত এ দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ফসল। আজকের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় তলাবিহীন ঝুড়ির থেকে উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটুক্তি সহ্য করা হবে না। এই দেশে সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবে বরদাস্ত করা হবে না। বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।
আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, আমাদের দেশে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদের সবাইকে আমরা ভালোবাসি। মাদ্রাসায় পড়া ছাত্ররা খারাপ পথে যেতে পারে না, একদল দেশবিরোধী গোষ্ঠী এই কোমলমতি ছাত্রদের বিপথে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা পূজামণ্ডপে হামলা করছে, হিন্দু ভাইদের নির্যাতন করছে এরা আসলে মানষিক বিকারগ্রস্ত। এইসব অপশক্তিকে রুখতে হবে এখনই, এদের কোনো ক্ষমা নেই। এরাই ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে।




