শিক্ষানবিস নার্স-চিকিৎসকদের সংঘর্ষে চিকিৎসাসেবা বন্ধ

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষানবিস নার্স ও চিকিৎসকদের সংঘর্ষের জের ধরে আজ মঙ্গলবার দুই ঘণ্টা বন্ধ ছিল পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা।

এ সময় চিকিৎসার অভাবে সদর উপজেলার আশুতোষপুর এলাকার জুলমত আলী (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চিকিৎসা না পেয়ে ৫০ জনেরও বেশি রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে যান স্বজনরা।

বেলা ১১টার দিকে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসকের পরিদর্শন চলাকালে একজন ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে কথা কাটাকাটি হয় পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের দুই নার্সের। কথা কাটাকাটির একপর্যায় দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন শোভন ও মং নামের দুই চিকিৎসক এবং তিন নার্স।

এ সময় নার্সদের সঙ্গে একত্মতা ঘোষণা করেন হাসপাতালের অন্য নার্সরা। এ ঘটনার প্রতিবাদে সেবা বন্ধ রাখেন তাঁরা। ফলে বন্ধ হয়ে যায় হাসপাতালটির চিকিৎসাসেবা। এতে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকেই আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চলে যেতে হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জেনারেল হাসপাতালে নার্স ও চিকিৎসকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত তাঁরা সেখানে যান। পরে পুলিশ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে পাঁচজন আহত হন বলেও জানান ওসি।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান বলেন, ভুল বোঝাবুঝি থেকে চিকিৎসক ও নার্সদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ সময় একজন রোগী মারা গেছেন বলেও জানান তিনি। তবে ওই রোগীর অবস্থা আগে থেকেই সংকটাপন্ন ছিল বলে জানান এই চিকিৎসক।

ঘটনা তদন্তে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. বি এম শাফিকুল হাসান জুয়েলকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।