শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রুদ্রকর হোগলা গ্রামের মৃত নুর মোহাম্মদ বেপারী ছেলে রুদ্রকর ইউপি সদস্য মো. কবির হোসেন বেপারী (৩৭), মাকসাহার গ্রামের মৃত আবদুল রবের ছেলে মো. শাহ নেয়াজ মিলন (৩৪), রুদ্রকর হোগলা গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে সোহাগ শেখ (২৪), একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে নুরুল হক শেখ (৩৪) ও শরব আলী শেখের ছেলে লুৎফর শেখ (৩০)।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৪৮ পিস তাস ও ১৯ হাজার ৪শ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডিবির এসআই শাজাহান মোল্যা বাদী হয়ে প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করেছে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি সুব্রত কুমার সাহার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে।
রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী বলেন, আমি জুয়া ও মাদক আমি পছন্দ করিনা এবং সমর্থনও করিনা। যারা দলীয় কার্যালয়ে জুয়া খেলেছে অন্যায় করছে। তাদের সাজা হওয়া উচিৎ।


