রেকর্ড তাপমাত্রায় পুড়ছে দেশ, ৭ বছরের সর্বোচ্চ

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে দেশ, ৭ বছরের সর্বোচ্চ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। রোজার সঙ্গে তীব্র গরম যুক্ত হয়ে জনজীবনে ভোগান্তি চরমে উঠেছে। গতকাল রবিবার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪১ দশমিক ৩ ডিগ্রিতে, যা রেকর্ড হয়েছে যশোরে। এটি গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। রাজশাহী ও খুলনা বিভাগের অন্তত পাঁচ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠেছে। তীব্র গরমে ওইসব এলাকার জনজীবন হাঁসফাঁস করছে।

২০১৪ সালের পর যশোরের তাপমাত্রাই দেশে সর্বোচ্চ। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আট বছরের মধ্যে ঢাকায় এদিন ছিল সর্বোচ্চ তাপমাত্রা।

মূলত রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলসহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। অন্যদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোম ও মঙ্গলবার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় সোমবার সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।