রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ১৪ জুন

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামী ১৪ জুন পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।আজ সোমবার  ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে জানান, এ মামলায় কোনো সাক্ষী না আসায় বিচারক নতুন করে  দিন ধার্য করেন।এ মামলার অন্য আসামিরা হলেন একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও প্রতিবেদক কনক সারওয়ার।

গত বছরের ২০ নভেম্বর একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।২০১৫ সালের ৮ জানুয়ারি তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলা করেন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেওয়া বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমদাদুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।