মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৮-১৭): মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সমির মন্ডল ও জিয়ারুল ইসলাম নামের দুইজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিউল হক এ আদালত পরিচালনা করেন। তিনি জানান অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে তাদের অপরাধ সাব্যস্ত করে এ জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমান বালু ও বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে।
একই আদালতে এ দিন মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রীবহনের কারণে মহিবুল নামের একজনের ৭০০টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে সদর উপজেলার আমঝুপিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা ও ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল।
এ সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক ফাহিম ফয়সাল উপস্থিত ছিলেন। এছাড়াও আমঝুপি বাজারের হোমিও চিকিৎসক মোহাম্মদ খসরুর ২ হাজার টাকা এবং হোটেল ব্যবসায়ী আব্দুল জব্বারকে ৩ হাজার টাকা জরিমনা করা হয়েছে।


