ভোলায় কথিত ’বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি,ভোলা॥  ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ডিবি পুলিশের ৫ সদস্য।
মঙ্গলবার (২৬ জুন) ভোরে ভোলা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দিঘলদীর সীমান্তবর্তী বাঘবারা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সেখান থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলি, ১ রাম দা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নিহত জাকির উত্তর দিঘলদী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে। আহতরা হলেন- জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম, কনস্টেবল শহিদ, জাহিদ, মিরাজ ও মুজায়েদ।

ভোলা ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে বাঘমারা বাঁধ এলাকার একটি মাছের আড়তে মাদক বিক্রি ও আধিপত্য বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ীদের দু’টি গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী জাকির নিহত হন।

তিনি আরো জানান, জাকিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরক ও খুনসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।