স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত শিশু-কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেন।
বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থ্যা তাদের গ্রহণ করে।
ফেরত কিশোরেরা হলো- ঢাকার আশুলিয়া উপজেলার নিরিবিলি গ্রামের মমিন মিয়ার ছেলে জহিরুল ইসলাম(১১) ও মমিন হোসেনের ছেলে জয়নাল হোসেন (১৬), নারাণগঞ্জের বন্দর উপজেলার ছালেনগর গ্রামের জাকির হোসেনেরে ছেলে হাসান দেওয়ান (১৪), একই এলাকার বাদলের ছেলে ফয়সাল হোসেন (১২), খুলনার ফুলতলা উপজেলার পয়ইক গ্রামের টুটুল মোল্লার ছেলে ইমন মোল্লা (৪), যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (১৪) ও যশোরের নারাংগালি গ্রামের বিলাল হোসেনের ছেলে মিজানুর (১১)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বলেন, পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই শিশু-কিশোরদের রাইটস যশোরের হাতে তুলে দেওয়া হয়েছে।




