চলমান পাকিস্তান সফরে টানা তিন টেস্টে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের মিডল-অর্ডার ব্যাটার হ্যারি ব্রুক। করাচি টেস্টের প্রথম ইনিংসে ব্রুকের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ২৯ রানে এগিয়ে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে সবক’টি উইকেট হারিয়ে ৩৫৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১১১ রান করেন ব্রুক। ৫০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ২১ রান করেছে পাকিস্তান। ১০ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে পাকিস্তান।
প্রথম দিনই পাকিস্তান অলআউট হবার পর ব্যাট হাতে নেমে ১ উইকেটে ৭ রান করেছিলো ইংল্যান্ড। বেন ডাকেট ৪ ও ওলি পোপ ৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ডাকেট ২৬ ও পোপ ৫১ রানে আউট হন। এরপর রানের খাতাই খুলতে পারেনি জো রুট। চতুর্থ টেস্টেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান পাঁচ নম্বরে নামা ব্রুক।
প্রথম দুই টেস্টে যথাক্রমে ১৫৩ ও ১০৮ রানের দু’টি দর্শনীয় ইনিংস খেলেছিলেন ব্রুক। এই টেস্টে ১৫০ বল খেলে আট বাউন্ডারি ও তিন ওভারবাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করে ১১১ রানে আউট হন ব্রুক। অধিনায়ক বেন স্টোকস ২৬ রানে আউট হলেও, লোয়ার-অর্ডার ব্যাটার মার্ক উড ও ওলি রবিনসনকে নিয়ে জুটি গড়ে ইংল্যান্ডকে লিড এনে দেন উইকেটরক্ষক বেন ফোকস।
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরির তুলে ৬৪ রানে আউট হন ফোকস। শেষ ব্যাটার হিসেবে রবিনসন আউট হলে ৩৫৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। রবিনসন ২৯ ও উড ৩৫ রান করেন। পাকিস্তানের দুই স্পিনার নুমান আলি ও আবরার আহমেদ ৪টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে অবিচ্ছিন্ন থাকেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ। শফিক ১৪ ও মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।





