পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে একসাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেন, আমরা পাহাড়ে কোনো বৈষম্য চাই না, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে।
আজ রাঙ্গামাটির চিং হ্লা মং মারি স্টেডিয়ামে সাংগ্রাই জলকেলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসামবস্তির মারমা সংস্কৃতি সংস্থা আয়োজিত সাংগ্রাই উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেছেন।
উপদেষ্টা আরো বলেন, আমরা প্রত্যেক কমিউনিটির আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি প্রয়োজন এডুকেশন বেইজড ডেভেলপমেন্ট এবং ভারসাম্যপূর্ণ পরিবেশ; যা গড়ে তোলা খুবই জরুরি।
জলকেলি উৎসবে সুপ্রদীপ চাকমার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও তার স্ত্রী-কন্যা, ইতালিয়ান রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত ও ডাচ আইনবিদ উপস্থিত ছিলেন।
নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়ে রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা- মাসসের সভাপতি থোয়াই সুই খই মারমা’র সভাপতিত্বে জলকেলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব কঙ্কন চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ।