বিশেষ প্রতিবেদক, মু.নজরুল ইসলামঃ বিদ্যালয় প্রাঙ্গণে খেলার মাঠ। শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করত । কিন্তু সেই মাঠ এখন চাষাবাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। মাঠে রোপন করা হবে ধান। এমনি সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যালয় শিক্ষক ও পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি)। ফলে খেলাধুলা কিংবা বিনোদন থেকে বঞ্চিত হবে শিক্ষার্থীরা। এ অবস্থা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের।
জানা গেছে, শিক্ষক ও পরিচালনা পর্ষদ ওই বিদ্যালয়ের মাঠে ধান চাষাবাদের সিদ্ধান্ত নেয়। এ অনুযায়ী গত তিন-চার দিন ধরে বিদ্যালয় মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করানো হয়। এ বিদ্যালয়টি সংলগ্ন একটি হাই/এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে। ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১১শ’ ছাত্র/ছাত্রী রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী জানান, বিদ্যালয় মাঠে ধান চাষের সিদ্ধান্ত বহাল থাকলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। ধান চাষ করা হলে মাঠ উঁচুনিচু হয়ে যাবে এবং ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হবে। মৌডুবি হাই/এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর বলেন, মাঠের বেশি অংশের জমি মাধ্যমিক বিদ্যালয়ের। তারা যদি চাষাবাদ করে তাহলে আমাদের কি করার আছে। তবুও আমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলব।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রস্তাবিত মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মৃধা বলেন, স্কুলের মাঠ উঁচুনিচু এবং মাঠে ইটের খোয়া থাকায় প্রায়ই খেলাধুলা করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একারণে শিক্ষক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল মাঠের জমিতে ধান চাষাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। ধান চাষাবাদের অর্থ স্কুল তহবিল থেকে ব্যয় করা হবে। যদি লাভ হয় তাও স্কুল উন্নয়নে ব্যয় করা হবে। পরে প্রয়োজনে স্কুল মাঠ বালু দিয়ে ঠিক করা হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে ধান চাষ করা প্রশ্নই আসে না। তারা কোন অনুমতিও নেয়নি আমাদের কাছ থেকে। এ বিষয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দেখব। এ ব্যাপারে মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেওয়া যায়নি।



