ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন): ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এর সঙ্গে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দু’দেশের বস্ত্র ও পাট শিল্পের দ্বিপাক্ষিক বাণিজ্য ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, কুয়েত-ইরাক যুদ্ধের আগে ইরাক বিজেএমসি’র পাটপণ্যের একটি নিয়মিত বাজার ছিল। ১৯৯৭ সালে গ্রেইন বোর্ড অভ ইরাকের সঙ্গে ৩৮ হাজার বেল পাটপণ্য বিক্রয়ের দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরাক-ইরান যুদ্ধের ফলে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ৫ দশমিক ৭২ মিলিয়ন ডলারের পণ্যমূল্য অনাদায়ী রয়ে যায়। এ বিষয়ে কাজ করতে তিনি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরাকের বন্ধুত্বের সম্পর্ক শুধু অর্থনৈতিকই নয় ঐতিহাসিকও বটে । ইরাক বাংলাদেশ বন্ধুপ্রতীম দেশ। দু’দেশের নিয়মিত বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, বিজেএমসি’র পরিচালক মোঃ দেলোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




