রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: গ্রীষ্মের তপ্ত রোদে চার দিক যখন খাঁ খাঁ করছে ও প্রচন্ড গরমে জীবন যখন ওষ্ঠাগত এবং শরীর থেকে ঝরছে ঝরঝর করে ঘাম, এমন পরিস্থিতিতেও সড়কের পাশে বণিল সাজে সেজেছে কুড়িগ্রামের প্রকৃতি।
প্রকৃতিতে এখন হাজারো ফুলের সমারোহ। ঋতু চক্রের আবর্তনে নয়নাভিরাম ফুলের এক বর্ণিল আয়োজন নিয়ে এখন সেজেছে প্রকৃতি। সড়কের পাশে কিংবা দীঘির ধারে এখন সারিসারি গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্মে ফোটা নানা রঙের বাহারি ফুল। প্রচন্ড দাবদাহে কিছুটা হলেও প্রশান্তির পরশ বুলিয়ে দেয় এসব ফুল। হলুদ সোনালু কিংবা বেগুনি জারুল ও লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রক্তঝরা হাসি এখন যে কারোই নজর কাড়ছে। এদের মধ্যে অন্যতম কৃষ্ণচূড়া। এখন কৃষ্ণচূড়া রঙে সেজেছে বর্ণিল প্রকৃতি।
গ্রীষ্মের চোখ জুড়ানো বর্ণিল ফুল সবার মনকে নাড়া দেয় খুব গভীরভাবে। ইট পাথরের শহর ছেড়ে একটু গ্রামীণ প্রকৃতির কাছে গেলেই এ সময় চোখে পড়বে এসব বাহারি ফুল। কুড়িগ্রাম জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চোখ মেললেই এখন নয়নাভিরাম দৃশ্য। গাছে গাছে ফুলের অপরূপ সমারোহ। এদের মধ্যে সবার কাছে আকর্ষণীয় কৃষ্ণচূড়া।
কৃষ্ণচূড়া গ্রীষ্মের অতি পরিচিত একটি ফুল। বাংলা কাব্য, সাহিত্য, সঙ্গীত ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা ব্যাপকভাবে উঠে এসেছে। শোভাবর্ধনকারী এ বৃক্ষটি গ্রামের পাশাপাশি এখন তার নড়বড়ে অস্তিত্ব নিয়ে কোনো রকমে টিকে আছে শহরের পথে প্রান্তরে। এসব কৃষ্ণচূড়ার ডালে ডালে এখন লেগেছে ফাগুন। শুধু কি কৃষ্ণচূড়া। এই প্রতৃতিতে এখন আরও শোভা ছড়াচ্ছে রঙিন হয়ে আরও হাজারো ফুল। এগুলোর মধ্যে রয়েছে, জারুল, গাঁদা, জবা, চেরী, করিফুল, মোরগফুল , সোনালু, হিজল, অশোক, বকুল, মালতি,গন্ধরাজ,লালচাপাঁ, সাদাচাপাঁ, বেলি, গোলাপ, বাটারফ্লাই, হাসনাহেনা, সানফ্লাওয়ার । গ্রীষ্মে এখন কৃষ্ণচূড়ার হাসিতে মুগ্ধ হয়ে পড়েন সবাই। পথচারীও থমকে তাকায় কিছু সময়ের জন্য।
গ্রীষ্মের দাবদাহে চোখ ধাঁধানো বেগুনি রঙের বিচ্ছুরণ নিয়ে প্রকৃতিতে নিজের আগমনের কথা জানান দিয়েছে জারুল ফুল। গ্রীষ্মের ফুল হিসেবে জারুল অতুলনীয়। বর্তমানে জারুল গাছ খুবই বিরল। তবে গ্রামাঞ্চলে এখনও জারুলের আধিক্য লক্ষ্য করা যায়। চমৎকার বেগুনি রংয়ে রাঙ্গানো এ জারুল ফুল মনের গহীনে জাগ্রত করে এক অন্য রকম ভাললাগা।
লাল বেগুনির পাশাপাশি হলুদে ছাওয়া ঝুমকার মতো ঝুলে থাকা সোনালু ফুল যে কারো মন ছুঁয়ে যাবে। সোনালু গাছ আমাদের দেশে ঔষধি গাছ হিসেবেই বেশি পরিচিত। গ্রামাঞ্চলে এ গাছকে অনেকে বানর লাঠি গাছও বলে থাকে।
তবে সোনালু গাছ আগের মতো তেমন একটা চোখে পড়ে না। তবে কিছুটা হলেও গ্রামীন জীবনে শোভা ছড়াচ্ছে সোনালু। সোনালু ফুলের রূপ সৌন্দর্য সবাইকে নিয়ে যায় ভাবনার জগতে। গ্রীষ্মের বাতাসে হলুদ সোনালু ফুলের দোলা প্রকৃতিতে সৃষ্টি করে এক অন্য রকম আবহ। গ্রীষ্মের ফুল হিসেবে সোনালু এক কথায় অনন্য। প্রতিবছর গ্রীষ্মে হলুদ পরী হয়ে আমাদের মাঝে হাজির হয় সোনালু ফুল।
ঐতিহ্যবাহী ফুল গাছের মধ্যে হিজল গাছ একটি। এ গাছটি আমাদের প্রকৃতি থেকে দিন দিন হারিয়েই যাচ্ছে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে হিজল গাছে ফুল ফুটতে শুরু করে। রক্ত রাঙ্গা হিজল ফুলের লহরি আর মাতাল ঘ্রাণ সবাইকে বিমোহিত করে তোলে। ছোট আকৃতির রক্ত রাঙ্গা হিজল ফুল গাছের নিচে ঝরে পড়ে সৃষ্টি করে এক দৃষ্টি নন্দন পুষ্প শয্যা। শহর কিংবা গ্রামের গাছে গাছে যেন মেলা বসেছে বাহারি ফুলের।
প্রকৃতি তার আপন মহিমায় ঠিকই নিজেকে তুলে ধরেছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, জারুল, হিজল, সোনালু, অশোক, বসন্তরঞ্জিনী, মালতি, বকুল, কাস্টার মুকুট বা ক্রাউন অব থর্ন, গন্ধরাজ, লাল চাঁপা, সাদা চাঁপা, চুলের বেণির মতো গোলাপি অর্কিড, মে ফ্লাওয়ার, বেলী, গোলাপ, মল্লিকা, বাটারফ্লাই, পর্টুলেকা, হাসনাহেনা, এ্যাস্টার, প্রভৃতি দেশী-বিদেশী মৌসুমী ফুল ফুটে প্রকৃতি আলো করে রেখেছে। অনেকের বাসাবাড়ির ছাদেও নানা রকম ফুল ফুটে থাকতে দেখা যায়। শহুরে জীবনের হাজারো ব্যস্ততার ফাঁকে এমন হাজারো ফুলের স্বর্গরাজ্য যেন প্রশান্তির দোলা দেয় মানবজীবনে।

