সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:: বন্যার্তদের নিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট -এর ৩য় কর্মসূচী হিসেবে “ঈদ বস্ত্র বিতরণ” কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচীতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের প্রত্যন্ত কাঁটাবাড়ি নামক গ্রামের প্রায় ২০০ মানুষকে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। পোশাকের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, শার্ট, গেঞ্জি ও বাচ্চাদের বিভিন্ন পোশাক।
সাধারণত যে কোন প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী অন্যতম মৌলিক প্রয়োজন দেখা দেয় খাদ্যের। অতঃপর চিকিৎসা, স্বাস্থ্যসম্মত পোশাক ও বাসস্থান এর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। দূর্যোগ এলাকায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কল্যাণে পর্যাপ্ত খাদ্য সরবরাহের তথ্য বিবেচনা পূর্বক ল্যাম্পপোস্ট নিজ সামর্থ্য মোতাবেক বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং পোশাক বিতরণ সংক্রান্ত জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য যে, উত্তরাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা চিহ্নিত করে নিজ উদ্যোগে ইতোপূর্বে দুটি সফল মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে অত্রাঞ্চলের অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট।
আর্তমানবতার সেবায় ল্যাম্পপোস্ট এর আহ্বানে কর্মসূচীর পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন ঢাকাস্থ “উর্বশী সাংস্কৃতিক ফোরাম”।