বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশের নিহত রূপার ধর্ষক ও হত্যাকারীদের পক্ষে মামলায় না লড়তে আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাড়াশের গ্রামের দরিদ্র ঘরের মেয়ে রূপা জীবিকা নির্বাহের জন্য সংগ্রামী জীবনকে বেছে নিয়েছিল। তার উপরই নির্ভর করতো দরিদ্র পরিবারটি। এই সম্ভাবনাময় তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে যারা খুন করেছে তারা পশুর চাইতেও অধম। এদের হয়ে আইনী লড়াই না চালানোর জন্য সকল আইনজীবীর প্রতি আমি অনুরোধ করছি। তিনি এসময় রূপার ছোট বোনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘ঈদের আগের দিন আমি তার বাসায় গিয়ে দেখেছি একটি পাশবিক ঘটনা কিভাবে একটি পরিবারের ঈদের আমেজকে তছনছ করে দিতে পারে।’ এসময় মন্ত্রী সেই হতভাগ্য পরিবারকে তাঁর ও প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তার কথা স্মরণ করেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারের মেয়াদের শেষ বছরে স্বাস্থ্যখাতের দৃশ্যমান সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে আরো নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের রাজনৈতিক অঙ্গীকার পূরণের জন্য চলমান অর্থ বছর খুবই তাৎপর্যপূর্ণ। এই অর্থ বছরে গৃহীত প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করে স্বাস্থ্যখাতে সরকারের প্রতিশ্রুতি পূরণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঈদ-উল-আযহার ছুটির সময় হাসপাতালগুলো এবং বন্যার্ত এলাকায় চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মচারীদের ঐকান্তিক দায়িত্ববোধ ব্যাপক অবদান রাখতে পারে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মোঃ আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



