দিল্লির ইন্দ্রলোক এলাকায় জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিদের লাথি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পরই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে। জানা গেছে ওই পুলিশ সদস্যের নাম মনোজ কুমার টোমার, তিনি ইন্দ্রলোক পুলিশ চৌকিতে কর্মরত ছিলেন।
দিল্লির ইন্দ্রলোক এলাকায় একটি মসজিদে নামাজ আদায়ের জন্য বিশাল সংখ্যায় মুসল্লিরা জমায়েত করেন। কিন্তু অতিরিক্ত জমায়েতের কারণে অনেকেই ব্যস্ত রাস্তার উপরেই নামাজ আদায় শুরু করেন থাকেন। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়, পথ চলতি সাধারণ মানুষও অসুবিধায় পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ কর্মী মোতায়ন করা হয়।
এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে জাতীয় কংগ্রেস। এই ঘটনার একটি ভিডিও পোস্ট করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাপগড়ী লিখেছেন ‘এই দিল্লি পুলিশের সৈনিক নামাজ পড়ার সময় একজন ব্যক্তিকে লাথি মারছে, তিনি সম্ভবত মানবতার মূল নীতিগুলি বোঝেন না। ওই সৈনিকের হৃদয়ে কিভাবে এই ঘৃণা ভরে আছে? দিল্লি পুলিশকে অনুরোধ করা হচ্ছে, এই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা দায়ের করতে এবং চাকরি থেকে তাকে বরখাস্ত করতে।’



