স্টাফ রিপোর্টার ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামে তোয়াজ উদ্দিন (৫০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের মৃত দরাপ আলী মন্ডলের ছেলে।
হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান মুন্সী জানান, নিহত তোয়াজ উদ্দীন মান্দিয়া গ্রামের বাওড় দেখাশুনার কাজ করতো। সেই সাথে একই গ্রামের ভূমিহীন এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকতো। বাওড়ের বান্দলে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করতো। সোমবার রাতে বাওড়ে মাছ ধরছিল তোয়াজ উদ্দিন। সে সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, একই স্থানে তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামে এক ব্যাক্তিকে হত্যার পর মাটিতে পুতে রাখা হয়ে ছিল। সেই ঘটনায় মামলার ২ নং আসামী ছিল এই তোয়াজ আলী। তবে কে বা কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



