জাতিসংঘে জাতীয় সংসদ ভবনের মডেল প্রদর্শন

জাতিসংঘ সদরদপ্তরে ‘দ্বীপ থেকে দ্বীপে- লুই আই ক্যানের সৃজনশীল পদচারণা’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থায়ী মিশন ও এস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে ৮ এপ্রিল এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল লুই আই ক্যানের অমর সৃষ্টি ‘বাংলাদেশ জাতীয় সংসদ ভবন’ এর একটি মডেল যা নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের।

স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিকের পরিকল্পনায় এই চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের চিত্রের পাশপাশি এস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই আই ক্যানের জগৎ বিখ্যাত স্থাপত্য সমূহের বিভিন্ন চিত্র।

এস্তোনিয়া রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ এবং লুই আই ক্যানের ছেলে ন্যাথানিয়েল ক্যান এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বিংশ শতাব্দীর অন্যতম সেরা স্থপতি লুই আই ক্যান এবং তাঁর অমর সৃষ্টি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনসহ অন্যান্য স্থাপনাসমূহকে স্মরণ করছি। এটি অবশ্যই উত্তর-দক্ষিণের বন্ধুত্বের এক অবিনাশী স্মারক। এই স্থাপত্য বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে সৃষ্টি করেছে অটুট বন্ধুত্বের বন্ধন।

বাংলাদেশের সংসদ ভবনকে লুই আই ক্যানের অন্যতম সেরা স্থাপনা হিসেবে উল্লেখ করে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড বলেন, ক্যানের সৃষ্ট ভাস্কর্যসমূহ ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক যার জন্য জাতিসংঘ কাজ করছে।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, এস্তোনিয়ার স্থায়ী প্রতিনিধি সিভেন জুরগেনসনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক ও জাতিসংঘের কর্মকর্তাগণ ইভেন্টটিতে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।