চৈতী সেন, চট্টগ্রাম: নগরের ডিসি রোডে অবস্থিত বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নগর কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার পর অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বোমা বিস্ফোরণ ঘটে।
চট্টগ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার পর অভিযান চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন।
পরপর চারটি বিকট শব্দে কেপে উঠে নগরের ডিসি রোডের ইসলামি ছাত্রশিবির নগর কার্যালয়ে ভেতরে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ।
চারতলা বিশিষ্ট ওই নগর কার্যালয়ের নিচতলায় রয়েছে মোহাম্মদীয়া ড্রাই ওয়াশ ও মোহাম্মদীয়া মার্ট নামে দুটি দোকান।
মোহাম্মদীয়া ড্রাই ওয়াশের দোকানের কর্মচারি আবুল হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনের ভেতরে চারটি বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে দোকান থেকে বের হয়ে পড়ি। পরে পুলিশ এসে ওই ভবনটি ঘিরে রাখেন।
এদিকে, পরপর চারটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদি হাসান।
তিনি জানান, বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। ওনারা ঘটনাস্থলে আসার পর ভেতরে অভিযান পরিচালনা করা হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবিরের ওই কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কিন্তু বামদিকের একটি গলির ভেতরে রয়েছে ওই ভবনে যাওয়ার পথ।
মেহেদি হাসান জানান, এটি চোরা পথ। তারা এই চোরা পথ দিয়ে কার্যক্রম পরিচালনা করতো।


