গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
গোপালগঞ্জের একটি প্রাইমারী স্কুলে নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগে ২০০৮ সালে ৫ম শ্রেনী পাশ এক ছাত্রকে ২০০৯ সালে ৮ম শ্রেনী পাশের ভুয়া সার্টিফিকেটে চাকুরী দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এব্যাপারে স্থানীয়রা ৫০ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার, মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে দেয়া হয়।
লিখিত অভিযোগপত্রে জানাযায়, জেলার মুকসুদপুর উপজেলার ১০০ নং ফুলকুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী নিয়োগে সম্প্রতি দরখাস্ত আহবান করা হয়। সেখানে ওই স্কুল থেকেই ২০০৮ সালে ৫ম শ্রেনী পাশ করা প্রকাশ সরকার নামের এক ছাত্র ২০০৯ সালে একই উপজেলার গোয়ালগ্রাম সূর্য্যমূখী মডেল হাইস্কুল থেকে ৮ম শ্রেনী পাশের সার্টিফিকেট দাখিল করে। এলাকাবাসীর অভিযোগ লিখিত আবেদন করার পরও ভুয়া সার্টিফিকেটে আবেদনকারী প্রার্থীর নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে মুকসুদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অভিযোগকারীরা ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে ভুয়া সার্টিফিকেট দাখিলকারী ও প্রদানকারী উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ১০০ নং ফুলকুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত মন্ডল বলেছেন, আমি আবেদন পেয়ে নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছি। যাচাই-বাছাই আমার দ্বায়িত্ব না। যেহেতু এলাকাবাসী অভিযোগ দাখিল করেছে, সেহেতু প্রকাশ সরকারের নিয়োগের প্রশ্নই আসেনা। অভিযোগের তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে উর্ধতন কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবেন।
এব্যাপারে জানতে চাইলে গোয়ালগ্রাম সূর্য্যমূখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নকুল চন্দ্র বিশ্বাস বলেছেন, বিষয়টির তদন্ত ইতিমধ্যে সম্পন্ন্ হয়েছে। তবে আমি দায়িত্ব নেয়ার আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি প্রকাশকে সার্টিফিকেট দিয়েছেন মর্মে দেখা যায়। তবে সেটি আসল না নকল তা আমার জানানেই। তাছাড়া ২০০৮ সালে যে ছাত্র ৫ম শ্রেনী পাশ করে এক বছর পরে ২০০৯ সালে সে আবার কিভাবে ৮ম শ্রেনী পাশ করে তা আমার বোধগম্য নয়।
এ ব্যাপারে জানতে চাইলে মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্র বলেছেন, পরীক্ষা নেয়ার আগেই আবেদন করা হলেও আমি ইউএনও’র অফিস থেকে অভিযোগ পত্রটি নিয়োগ পরীক্ষা নেয়ার পরে পেয়েছি। অভিযোগ তদন্ত করেছি, আংশিক সত্যতা পেয়েছি। ইউএনও অফিসে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আবু নঈম মোঃ মারুফ খান বলেছেন, ওই প্রার্থী ২০০৮ সালে ৫ম শ্রেনী পাশ করে থাকলে ২০০৯ সালে ৮ম শ্রেনী পাশের প্রশ্নই উঠেনা। অভিযোগের তদন্ত চলছে, সত্যতা পাওয়া গেলে প্রকাশ সরকারের প্রার্থীতা বাতিল করা হবে। এবং ভুয়া সার্টিফিকেট প্রদানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এস এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ
গোপালগঞ্জের একটি প্রাইমারী স্কুলে দপ্তরী নিয়োগে অনিয়ম, ভুয়া সার্টিফিকেট দাখিলকারী ও প্রদানকারীর বিরুদ্ধে শাস্তি দাবী
এ বিভাগের আরো সংবাদ


