বিশেষ প্রতিবেদকঃ খালেদা জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন তবে এ মামলার রায় অনেক আগেই হয়ে যেত। এখন তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরাই দায়ী। বললেন বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএ প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে বিএনপি নেতাদের এমন দাবি নাকচ করে কাদের আরও বলেন, খালেদা জিয়ার রায়ের মাধ্যমে কোনো রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়নি। কোনো সংকট হয়ে থাকলে সেটা বিএনপির ভেতরেই সৃষ্টি হয়েছে।
মন্ত্রী বলেন, সাজা হওয়ার পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যার আগে সাত বছরের সাজা হয়েছে, মানি লন্ডারিংয়ে তিনি দণ্ডিত ব্যক্তি। এ মামলায় তার দশ বছরের দণ্ড ও দুই কোটি টাকা জরিমানা হয়েছে। বিএনপির গঠনতন্ত্র থেকে কেন ৭ম ধারা তুলে দিয়েছে তা এখন পরিষ্কার। দুর্নীতিবাজদের তাদের নেতা হতে বাধা নেই।
এসময় তার সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটিএ প্রকল্পের পরিচালক সানাউল হক, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



