নিজস্ব প্রতিবেদকঃ প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারনে স্থগিত হওয়া কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন শুরু হয়েছে। ২০ আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঠিক থাকলেও ৭২ ঘন্টা আগে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচন স্থগিত হওয়ায় বিপাকে পড়ে আওয়ামীলীগ, বিএনপিসহ অংশগ্রহণকারী দলের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচন স্থগিতের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত নির্বাচনের দাবী জানিয়েছিল আওয়ামীলীগ। ২৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে কর্ণফুলী এলাকায় নির্বাচনী মাঠে আবারো উত্তাপ শুরু হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নির্বাচনের ব্যাপারে যোগাযোগ করা হলে সহকারী রিটানিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাঈদ বলেন, ২৪ সেপ্টেম্বর নির্বাচনের বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু লিখিত কোন কাগজ না পাওয়ায় তা সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে চিঠির মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।
কর্ণফুলী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী বলেছেন, নবগঠিত কর্ণফুলী উপজেলার উন্নয়নের জন্য নির্বাচনটা অতিব জরুরী। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারন দেখিয়ে কর্ণফুলীর নির্বাচন স্থগিত করে দিলেও যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার।


