করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়

করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়

করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। নিজেই টুইট করে প্রকাশ করেছেন সে তথ্য।

আজ সোমবার ১০ আগস্ট দুপুরে টুইট করে নিজের করোনা পজেটিভের খবর দেওয়ার পাশাপাশি তিনি লিখেছেন, “হাসপাতালে সম্পূর্ণ অন্যকাজে গিয়ে আজ জানতে পেরেছি আমি কোভিড পজিটিভ”।

এছাড়াও তিনি  #CitizenMukherjee দিয়ে লিখেছেন, “আমি সকলের কাছে অনুরোধ করছি গতসপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করান”।

সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক নেতা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্জুন রাম মেঘওয়াল, বিভাস সারাংঙ্গ, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, বি শ্রীরামুলু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কৃষিমন্ত্রী বিসি পটেল এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং কারতি চিদাম্বরম।

জুলাই মাসের ২৫ তারিখ শিবরাজ সিং চৌহান করোনা পজিটিভ হয়েছিলেন। মোট ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অগাস্টের ৫ তারিখ তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দেশে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের।
নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লক্ষ ১৫ হাজার ৭৫ জন। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫ টি। করোনাকে হারিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বর্তমানে ১৫ লক্ষ ৩৫ হাজারের বেশি। দেশজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৩৮৬ জনের।

দৈনন্দিন করোনা টেস্টের হারে খুব শীঘ্রই নয়া মাইলফলক তৈরী করতে চলেছে আমাদের দেশ ভারত। কোনও ব্যক্তি করোনা সংক্রামিত কিনা তা জানতে ব্যাপক হারে চলছে করোনা টেস্ট। প্রতি মিনিটে পাঁচশো টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।