ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার প্রতিশ্রুতি হাস্যকর: আ.লীগ

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখার যে প্রতিশ্রুতি দিয়েছে তা জাতির কাছে হাস্যকর বলে মনে করে আওয়ামী লীগ।

আজ সোমবার ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণার পর ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের নিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। আর যুদ্ধাপরাধীরা তাদের আশ্রয় প্রশ্রয়ে আছে। সুতরাং যুদ্ধাপরাধের বিচার তারা করবে এটা জাতির কাছে হাস্যকর ব্যাপার, অবিশ্বাস্য।

তিনি বলেন, একাত্তরে বাংলাদেশের বিরোধিতায় যুদ্ধাপরাধের নেতৃত্ব দেয়া জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বানে কখনো সাড়া দেননি বিএনপি নেতারা। বরং উল্টো যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা সময়ে বিভিন্ন সমালোচনা করেছেন তারা।

নির্বাচনে জামায়াতের প্রসঙ্গ টেনে আব্দুর রহমান বলেন, জামায়াতকে আশ্রয় দিয়ে মনোনয়ন পর্যন্ত দিয়েছে ঐক্যফ্রন্ট। এখন তারা কি করে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেবে? এটা  জনগণের কাছে নেহায়েত প্রতারণা ছাড়া কিছু না।

ঐক্যফ্রন্টের ইশতেহারে দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার সম্পর্কে  তিনি বলেন, তারেক জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতির আখড়া তৈরি করেছিল। তিনি নিজেও দুর্নীতির দায়ে দণ্ডিত আসামি। তাদের মুখে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই না।

তিনি বলেন, এই নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্রের জাল বুনছে ঐক্যফ্রন্ট। যেকোনো মূল্যে ৩০ ডিসেম্বর নির্বাচন হবে আওয়ামী লীগ বিজয়ী হবে বলেও জানান তিনি।

এসময় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এবি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।